মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
জানা যায়, সোমবার সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের শিক্ষার্থী দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতে যাওয়ার পথে দলের এক শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে আঘাত পান। পাহাড়ি ও দুর্গম পথ হওয়ায় আহত সহযাত্রীকে নিয়ে দলের পক্ষে ফিরে আসা সম্ভব ছিল না। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান।
দুপুর তিনটায় বিষয়টি জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। বিকাল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য নয়জন সুস্থ ও নিরাপদে রয়েছেন।








