মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। জলপ্রপাতে যাওয়ার পথে দুর্গম পাহাড়ি এলাকায় দলের এক সদস্য পা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। ওই অবস্থায় আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা অসম্ভব হয়ে পড়লে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চান।বিকেল তিনটার দিকে খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল পৌনে পাঁচটার দিকে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। পরে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকিরা সবাই সুস্থ আছেন।কমলগঞ্জ থানা-পুলিশ জানায়, হামহামের মতো দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি থাকা জরুরি। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।