প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
জাতীয় নিরাপত্তার জন্য সাইবার সক্ষমতা বাড়াতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। বিশেষ করে সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, নৌ-জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
এছাড়া দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে উভয়পক্ষ আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগের মাধ্যমে আগামীদিনগুলোতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।
টিটি/ইএ








