একসময় ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ এবং ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও মিলা। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি।প্রকাশিত হয় তাদের নতুন গান ‘কান্ডারি চল’। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে গানটি।নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, “ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার সংগীতজীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। ‘তুমি কি সাড়া দেবে’ কিংবা ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ আজও মানুষ মনে রেখেছে। এত বছর পর আবার স্টুডিওতে একসঙ্গে কাজ করতে গিয়ে পুরোনো দিনের অনেক স্মৃতি ফিরে এসেছে। ‘কান্ডারি চল’ শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি এবং নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দের প্রতিফলন।”মিলা আরও জানান, গানটির কাজ শেষ করে ফুয়াদ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে তাদের আরও কিছু নতুন গানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গানটি প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে আবারও একসঙ্গে মঞ্চে ওঠার ইচ্ছার কথাও জানান তিনি।ফুয়াদ আল মুক্তাদির বলেন, “অনেক দিন পর মিলার কণ্ঠ আর আমার সুর-সংগীতের সমন্বয় দারুণ হয়েছে। তার সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতাও অসাধারণ। আমাদের একসঙ্গে করা গানগুলো আজও মানুষের ভালোবাসা পায়। ‘কান্ডারি চল’ কোনো নির্দিষ্ট দল বা দেশের জন্য নয়; এটি ফুটবলকে ভালোবাসা সব মানুষের জন্য। আমরা ফুটবলকে শুধু খেলা হিসেবে নয়, বরং স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ ও আবেগের এক সম্মিলিত উদযাপন হিসেবে তুলে ধরতে চেয়েছি।”গানটির মিউজিক ভিডিওর কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গান ও ভিডিও একযোগে প্রকাশ করা হবে। ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।‘কান্ডারি চল’ গানে মিলা ও ফুয়াদের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।

দীর্ঘদিন পর ফুয়াদ-মিলার পুনর্মিলন সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন অপেক্ষা নতুন গান ‘কান্ডারি চল’-এর জন্য।