দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় প্রায় তিন ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গেটপাড় রেলক্রসিং এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ফলে ট্রেনের যাত্রীদের পাশাপাশি সড়কপথেও ব্যাপক যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, গেটপাড় এলাকায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আন্দোলনকারী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। বছরের পর বছর পানিবন্দি জীবন কাটাচ্ছি। সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
আরও পড়ুন
জলাবদ্ধতার প্রতিবাদ / সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন আটকে রেললাইনে নামাজ আদায়
আরেক আন্দোলনকারী ফাতেমা বেগম বলেন, ‘বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে যায়। ছোট ছোট সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমাদের কষ্ট কেউ দেখে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হলে আন্দোলনরত মুসল্লিরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন। পরে জামালপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘পৌর প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এরপর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। বিষয়টি নিয়ে রোববার পৌর প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করা হবে।’
হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম








