জামিনে কারামুক্ত হয়েছেন বিস্ফোরক মামলায় গ্রেফতার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশু।

সোমবার (২৯ জুন) সকালে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান। আসামিপক্ষের আইনজীবী তানজীম আল মিজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনের বিষয়ে তানজীম আল মিজবাহ জানান, রোববার (২৮ জুন) বগুড়া জেলা জজ আদালতে ডা. মিশুর জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন। জামিনের আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তিনি কারাগার থেকে বের হন।

আরও পড়ুন

বগুড়ায় সাবেক স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেফতার

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মকটেল নামের একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে ডা. মিশুকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় হওয়া জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।

ডা. সামিকে গ্রেফতারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠেন বগুড়ার সাধারণ মানুষ ও তার শুভাকাঙ্ক্ষীরা। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার মানবিক কাজ তুলে ধরে গ্রেফতারের নিন্দা জানানো হয়। তার মুক্তির দাবিতে রোববার শহরের সাতমাথা এলাকায় একটি মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়।

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা ডা. সামির হোসেন মিশু জেলাজুড়ে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের জন্য অত্যন্ত সমাদৃত। স্থানীয়ভাবে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।

এসআর/এএসএম