নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (২৯ জুন) সকালে বিল চিলিডাঙ্গার খালে অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না রিং জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন এবং সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুফাসসির হোসেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
রেজাউল করিম রেজা/এনএইচআর/এমএস








