বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১০টায় তিনি জেলা কারাগার থেকে মুক্ত হন।

রবিবার (২৮ জুন) জামিন আবেদনের শুনানি শেষে বগুড়া জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজীম আল মিজবাহ এ তথ্য জানিয়েছেন। 

ডা. সামির হোসেন মিশুর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন।

গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের ‘মকটেল’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পর দিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।