চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারই প্রথমবারের মতো বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে এই বাজেট ঘোষণা করা হয়। সোমবার (২৯ জুন) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বাজেটের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। বাজেট বক্তৃতায় জানানো হয়, নতুন অর্থবছরে জেলা পরিষদের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫ কোটি ৩৬ লাখ টাকার বেশি, যা রাজস্ব খাত ও সরকারি অনুদান থেকে আসবে।জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা বলেন, ‘আমরা চাঁদপুর জেলা পরিষদকে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। সেই লক্ষ্যেই এবার সবার সামনে প্রকাশ্যে বাজেট ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদকে স্বনির্ভর করে গড়ে তুলতে জেলার বিভিন্ন স্থানে বেদখলে থাকা জমি উদ্ধার করা হবে এবং সেখানে আধুনিক মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।’তিনি আরও যোগ করেন, উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও জেলা পরিষদ কাজ করবে। বিশেষ করে জেলাকে মাদক, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংমুক্ত করতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাবে এই প্রতিষ্ঠান।বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। সভায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।