ঝালকাঠি জেলা বিএনপির অফিস পোড়ানোর মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (২৮ জুন) দুপুর আড়াইটায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবললীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে কড়া নিরাপত্তা ছিল। 

গত ২৪ জুন রাজধানীর একটি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের ঢাকার নিউমার্কেট থানার হত্যা মামলাসহ ঝালকাঠির বেশ কয়েকটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর ঝালকাঠি সদর থানায় ছাত্রদল নেতা সুমন মন্ডলের দায়ের করা বিস্ফোরক মামলায় আসামিদের জামিন চান তাদের আইনজীবী বনি আমিন বাকলাই। জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম কবির আহম্মেদ।