ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘ আইনি লড়াই এবং নানা গুঞ্জনের কারণে কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা রবি মোহন। একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন জনপ্রিয় এ অভিনেতা। জানিয়েছেন, তিনি আবারও ফিরছেন রুপালি পর্দায়।
স্ত্রী আরতি মোহনের সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া এবং ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা-কল্পনা রবির জীবনে বড় ধরনের মানসিক চাপ তৈরি করেছিল। পরিস্থিতি আরও আলোচিত হয়ে ওঠে যখন তার নাম কেনিশা ফ্রান্সিসের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এসব ঘটনার প্রভাব পড়ে তার পেশাগত জীবনেও। একসময় তিনি ঘোষণা দেন, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিনয়ে ফিরবেন না।
তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। সিনেমা অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। রবি জানান, শিল্পের সঙ্গে তার সম্পর্ক এত গভীর যে, সিনেমা থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। নিজের আগের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, তিনি তখন অত্যন্ত আবেগপ্রবণ অবস্থার মধ্যে ছিলেন। কিন্তু সিনেমা জগতের অনেকেই তাকে বুঝিয়েছেন যে, তিনি এ শিল্পের অবিচ্ছেদ্য অংশ। সহকর্মীদের সেই ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা।
শুধু সহকর্মীরাই নন, ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন রবি মোহন। তিনি জানান, জীবনের কঠিন সময়েও ভক্তদের ভালোবাসা ও আস্থা তাকে শক্তি জুগিয়েছে। তাই তিনি আর তাদের হতাশ করতে চান না। ভক্তদের উদ্দেশে তার বার্তা, তিনি অবশ্যই ফিরবেন এবং নতুন উদ্যমে অভিনয় জীবন চালিয়ে যাবেন।
৪৬ বছরে পা দিতে যাওয়া এ অভিনেতা জানান, তার জীবনের অর্ধেকেরও বেশি সময় কেটেছে সিনেমার সঙ্গে। ব্যক্তিগত জীবনের আবেগ এবং সংকট একসময় তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল বলে মনে করেন এ অভিনেতা। তবে এখন তিনি উপলব্ধি করেছেন, ব্যক্তিগত ও পেশাগত জীবন-দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।
রবি মোহনের এই প্রত্যাবর্তনের ঘোষণা ইতোমধ্যেই তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। ভক্তরা আশা করছেন, ব্যক্তিগত জীবনের ঝড় সামলে তিনি আবারও পর্দায় তার পুরোনো জাদু দেখাবেন।








