ছোটপর্দায় সময়টা দারুণ কাটছে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ানোর পাশাপাশি নির্মাতাদেরও আস্থার জায়গা হয়ে উঠেছেন তিনি। তবে ক্যারিয়ারের এই সফল সময়ে বড়পর্দায় অভিষেক নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটিকে আপাতত গুরুত্ব দিচ্ছেন না এই অভিনেত্রী।তটিনীর ভাষায়, চলচ্চিত্রে কাজ করার আগ্রহ থাকলেও এখনই সে সিদ্ধান্ত নিতে চান না। বরং অভিনয়ে আরও অভিজ্ঞ ও সমৃদ্ধ হয়ে, উপযুক্ত গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় থাকতে চান তিনি।তিনি বলেন, “চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছি। কিন্তু শুধু প্রস্তাব পেলেই সিনেমায় অভিনয় করতে চাই না। অভিনয়ে আরও সমৃদ্ধ হয়ে, নিজেকে আরও প্রস্তুত করে তারপর বড়পর্দায় আসতে চাই। আপাতত আমার মনোযোগ নাটক ও ওটিটি মাধ্যমেই।”এদিকে প্রায় পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তটিনী। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’-এর পর এবার তিনি অভিনয় করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ। সম্প্রতি নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট, যেখানে ‘নূরজাহান’ চরিত্রে দেখা গেছে তটিনীকে। প্রথম লুক প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, পারিবারিক সম্পর্ক, আবেগ ও জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে তটিনীর সঙ্গে অভিনয় করবেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ অনেক পরিচিত মুখ। দীর্ঘদিন পর অভিনেত্রী সুমাইয়া শিমুর নিয়মিত অভিনয়ে ফেরা নিয়েও নাটকটি আলোচনায় রয়েছে।মোস্তফা কামাল রাজের সঙ্গে তটিনীর কাজের সম্পর্কও বেশ সফল। এর আগে ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি একই নির্মাতার নতুন নাটক ‘পথহারা’-র শুটিংও শেষ করেছেন তিনি।ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও ব্যস্ত সময় পার করছেন তটিনী। সম্প্রতি মুক্তি পাওয়া জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে ফারহান আহমেদ জোভান-এর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে প্রকাশের মাত্র আট দিনেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।এ ছাড়া সোমবার সিএমভি-র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাঁর নতুন নাটক ‘অমর প্রেম’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।

ছোটপর্দা ও ওটিটিতে ধারাবাহিক সাফল্যের মধ্যেই নিজের অভিনয় দক্ষতাকে আরও শাণিত করতে চান তটিনী। তাই দর্শকদের প্রত্যাশা থাকলেও বড়পর্দায় অভিষেকের বিষয়ে আপাতত কোনো তাড়াহুড়ো করতে রাজি নন তিনি।