সময় অনেক কিছুই পুরোনো করে দেয়। কিন্তু কিছু গান সময়কে অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তেমনই একটি গান ‘যে পাখি ঘর বোঝেনা’। শ্রোতাদের অব্যাহত ভালোবাসায় ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউ স্পর্শ করেছে ধ্রুব গুহর এই জনপ্রিয় গান, যা বাংলা গানের ডিজিটাল যাত্রায় নতুন এক মাইলফলক।২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে আপন করে নিয়েছেন। দীর্ঘদিনের ধারাবাহিক দর্শক-শ্রোতার ভালোবাসায় অবশেষে ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে নাম লেখাল গানটি।গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তারিক আল ইসলাম। হৃদয়স্পর্শী কথামালা, মুগ্ধকর সুর এবং ধ্রুব গুহর আবেগময় কণ্ঠের সমন্বয়ে গানটি সময়ের গণ্ডি পেরিয়ে বাংলা গানের অন্যতম জনপ্রিয় সৃষ্টিতে পরিণত হয়েছে।গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে ওঠে। গল্পনির্ভর নির্মাণ ও নান্দনিক চিত্রায়ণের কারণে প্রকাশের পর থেকেই ভিডিওটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।১০০ মিলিয়ন ভিউয়ের অর্জন নিয়ে ধ্রুব গুহ বলেন, “এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, ‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।”বাংলা গানের ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’-র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনে নতুন সাফল্যের পালক যোগ করার পাশাপাশি সমসাময়িক বাংলা গানের বৈশ্বিক ডিজিটাল উপস্থিতিকেও আরও সমৃদ্ধ করেছে।

এক দশক পরও কোটি কোটি মানুষের প্লেলিস্টে সমান জনপ্রিয় এই গান আবারও প্রমাণ করল—ভালো গান কখনো পুরোনো হয় না; সময়ের সঙ্গে সঙ্গে তার আবেদন আরও গভীর হয়।