নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাইয়ের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শেখ রফিক (৬০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে বন্দর থানার ১ নং ঢাকেশ্বরী দেব মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শেখ রফিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিক নিহত
রফিককে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মুস্তাফিজ জানান, শেখ রফিক ক্রাউন সিমেন্টের ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার দুপুরের দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঝালাইয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুস্তাফিজ আরও জানান, শেখ রফিক কক্সবাজারের রামু থানা এলাকার প্রয়াত শেখ জয়নুদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/এমএমকে








