আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জন ও বিতর্ককে গুরুত্ব দিচ্ছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ফিফা, রেফারিদের সিদ্ধান্ত কিংবা বিশ্বকাপের নকআউট পর্বের ড্রয়ে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছে, এমন অভিযোগ সরাসরি উড়িয়ে দেন স্কালোনি। কেপ ভার্দের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এখনকার সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন মন্তব্যও মুহূর্তেই বড় বিতর্কে রূপ নেয়।’ স্কালোনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। সমস্যা হলো, কেউ হয়তো সম্পূর্ণ ভিত্তিহীন একটি মন্তব্য করল, সেটিই অযথা বড় আকার ধারণ করে। তাই এসব থেকে পুরোপুরি দূরে থাকাই সবচেয়ে ভালো।’

স্কালোনি জানান, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলের পুরো মনোযোগ শুধু মাঠের খেলায়। টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন অভিযোগ, গুঞ্জন তাদের প্রস্তুতি কিংবা লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না বলে জানান স্কালোনি। আর্জেন্টিনা কোচের কথায়, ‘দল এখন পরবর্তী ম্যাচে ভালো পারফরম্যান্স করে বিশ্বকাপে নিজেদের যাত্রা এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে।’