চলতি বিশ্বকাপে নবাগত দল কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে অনেকেই ভেবেছিলেন আর্জেন্টিনার জয়টা হবে সহজ। কিন্তু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে ছাড়ল আফ্রিকার এই দলটি। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৮ মিনিটের ইনজুরি সময়েও দুই দলের ১-১ গোলের সমতা ভাঙা যায়নি। ফলে নকআউটের টিকিট নির্ধারণের জন্য ম্যাচটি গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটের রোমাঞ্চে। সেখানে একের পর এক গোল আর পাল্টা গোলের নাটকীয়তায় মেতে ওঠে দুই দল। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে থাকলেও প্রথম উল্লেখযোগ্য আক্রমণটি চালিয়েছিল কেপ ভার্দেই। অবশ্য ধীরে ধীরে নিজেদের চেনা ছন্দে ফেরে লিওনেল স্কালোনির দল। খেলার ১৫ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তাঁর শটটি অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। এরপর ১৮ মিনিটে ফ্রি-কিক থেকেও গোলের চেষ্টা করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা সহজেই বলটি লুফে নেন। অবশেষে ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের অসাধারণ লং পাস বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে জড়ান মেসি। দল এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এই গোলের পর মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও ডি পলেরা বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করেন। বিরতির পর ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। রক্ষণ সামলে আক্রমণে ওঠা দলটি ম্যাচের ৫৯ মিনিটে সফল হয়। ডেরয় দুয়ার্তের দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় বিশ্বকাপে অভিষিক্ত দলটি। আর্জেন্টিনা একের পর এক আক্রমণ সাজালেও নির্ধারিত সময়ে আর লিড বাড়াতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই মাত্র ২ মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। চলতি বিশ্বকাপে এটি মার্তিনেজের দ্বিতীয় গোল। তবে আর্জেন্টাইনদের এই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ১০৩ মিনিটে অবিশ্বাস্য এক গোল করে কেপ ভার্দেকে ২-২ গোলে সমতায় ফেরান তাদের ফরোয়ার্ড। এরপর ম্যাচের ১১১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে ক্রিশ্চিয়ান রোমেরোর দুর্দান্ত হেডে আবার গোল পায় আর্জেন্টিনা। রোমেরোর এই গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে মাঠের লড়াই জমিয়ে রেখেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হবে।
রাজনীতি
কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই: নাটকীয় ম্যাচে মেসিদের ৩-২ লিড

শেয়ার করুন







