গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রদীপ কুমার বাবলু (৫৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করছেন।
এর আগে বিকেল পাঁচটার দিকে ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমার বাবলু ওই গ্রামের প্রয়াত সন্তোষ কুমারের ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা নেতা এবং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ছিলেন।
ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, প্রদীপ বিকেলে তার বসতবাড়ির বিদ্যুতের তার মেরামত করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আনোয়ার আল শামীম/এমকেআর








