প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাফাই সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালিকে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ফজলুর রহমান। বালি হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামলে তাকে থাপ্পড় মেরে শার্টের কলার ধরে তিনি ডিবির গাড়িতে তুলে নিয়ে যান। সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে নিখোঁজ হয়েছিলেন সুখরঞ্জন বালি। পরে ভারতের কারাগারে তার খোঁজ মেলে।
শফিকুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল আমাদের একটা রিকুইজিশন দিয়েছিল। তার ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড্ডার নিজ বাসভবন থেকে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি, সাঈদীর মামলায় সুখরঞ্জন বালিকে অপহরণের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। ডিবির এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবিতে) কর্মরত ছিলেন।








