স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একটি বেসরকারি হাসপাতালে সাম্প্রতিক সময়ে ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় গুরুতর অব্যবস্থাপনা ও অবহেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, সংকটময় ওই সময়ে আদ-দ্বীন হাসপাতালের মালিক ঘটনাস্থলে পর্যন্ত যাননি।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেটের উপর আলোচনা কালে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি, সেন্ট্রাল এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাবের কারণে একই দিনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন হাসপাতালে এসি বন্ধ ছিল, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না এবং অক্সিজেনের ঘাটতির কারণে শিশুদের মধ্যে হাইপারক্যাপনিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তখন জরুরি অক্সিজেন সাপোর্টও পাওয়া যায়নি। ১৬ থেকে ১৭ জন মা যখন তাদের সন্তানদের বাঁচানোর জন্য হাসপাতাল চত্বরে ছোটাছুটি করছিলেন, তখন সেখানে কোনো অন-ডিউটি চিকিৎসক ছিলেন না। এমনকি নার্সদের ডাকলেও তারা সাড়া দেননি।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা স্বাস্থ্য খাতে শৃঙ্খলার অভাবের প্রমাণ। সব হাসপাতালকে কঠোর নিয়মের আওতায় আনা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বক্তব্যে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা, লাইসেন্সিং ব্যবস্থা এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার সমালোচনা করেন এবং বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
সংসদে দেওয়া বক্তব্যের শেষে তিনি স্বাস্থ্য খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।








