রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে বাদশার স্ত্রী স্মৃতি আক্তার বাদী হয়ে আদাবর থানায় এ মামলা করেন। এতে ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসাবে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে আদাবর থানা পুলিশ ৩ জন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪ ও র‌্যাব ২ জনকে আটক করেছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের মামলায় আসামি দেখানো হবে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

বিশ্বকাপ ফুটবল খেল দেখাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বুধবার রাতে রাজধানীর আদাবরে বিএনপির নবোদয় হাউজিং ইউনিটের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশারের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানা সূত্রে জানা যায়, মামলার আসামিরা হলেন-নিরব, পারভেজ, রিপন, সুমন, তাদের বাবা মজনু মিয়া এবং মাসুম, রবিন ও তাদের বাবা শহীদ।