অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। ইসরাইলি এ বর্বরতার কথা তুলে ধরেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক বিষয়ক সমন্বয়কারী অফিসের (ওসিএইচএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি মাসে অধিকৃত পশ্চিম তীরে ২৪টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। এতে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। আলজাজিরা।
ওসিএইচএ তাদের প্রতিবেদন অনুযায়ী, তথাকথিত ‘ভবন নির্মাণের অনুমতি বা পারমিট নেই’, এই অজুহাতে ফিলিস্তিনিদের এসব ঘরবাড়ি ধ্বংস করছে ইসরাইলি কর্তৃপক্ষ। অথচ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলি প্রশাসনের কাছ থেকে এ ধরনের অনুমতিপত্র পাওয়া প্রায় অসম্ভব। জাতিসংঘের সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের (সেটলার) সহিংসতা এবং পারমিট না থাকার অজুহাতে চালানো উচ্ছেদের কারণে এ পর্যন্ত ৩ হাজার ২০০-এরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৭ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন, যা গত তিন বছরের দৈনিক হারের তুলনায় দ্বিগুণ।








