শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান বা ডিগ্রি অর্জনের যান্ত্রিক মাধ্যম নয়; বরং তা একটি জাতির মনন গঠন এবং আত্মিক উন্নয়নের মূল চালিকা শক্তি। মানবজীবনের সমগ্র শিক্ষাকালের মধ্যে মাধ্যমিক স্তরটি সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এই সময়েই একজন কিশোর বা কিশোরীর মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং মনস্তাত্ত্বিক বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বর্তমান বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে এমন এক নতুন আঙ্গিকে সাজানো প্রয়োজন, যা শিক্ষার্থীদের কেবল বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযুক্ত দক্ষ কারিগর হিসেবেই গড়ে তুলবে না, বরং তাদের হৃদয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার বীজ বপন করবে। প্রযুক্তিগত উৎকর্ষ এবং নৈতিক মূল্যবোধের সুষম সমন্বয়ই হতে পারে একটি যুগোপযোগী ও সার্থক শিক্ষাক্রমের মূল ভিত্তি।

দক্ষতাভিত্তিক শিক্ষাক্রম ও প্রযুক্তির আবশ্যকতা—

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সনাতন মুখস্থবিদ্যা ও সনদসর্বস্ব গতানুগতিক শিক্ষার দিন ফুরিয়ে এসেছে। বর্তমান সময়ে তথ্যের সহজলভ্যতা এত বেশি যে তথ্য মনে রাখার চেয়ে তথ্যের সঠিক বিশ্লেষণ ও বাস্তব প্রয়োগ বেশি জরুরি হয়ে পড়েছে। তাই একটি আদর্শ শিক্ষাক্রমে তাত্ত্বিক আলোচনার চেয়ে হাতে-কলমে শেখা বা কর্মমুখী শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়া উচিত।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকস এবং ডেটা সায়েন্সের এই যুগে মাধ্যমিক স্তরেই কোডিং, তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল লিটারেসি বাধ্যতামূলক করা সময়ের দাবি। তবে প্রযুক্তি শিক্ষার অর্থ কেবল কম্পিউটার চালানো বা ডিভাইসের অন্ধ ব্যবহার নয়। এর মূল উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মধ্যে ‘ক্রিটিক্যাল থিংকিং’ বা জটিল সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করা, যেন তারা প্রযুক্তিকে স্রেফ বিনোদনের উপাদান না বানিয়ে সৃজনশীল ও উৎপাদনশীল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। প্রযুক্তিগত এই রূপান্তর শিক্ষার্থীদের ভবিষ্যতের অনিশ্চিত কর্মসংস্থানের বাজারে আত্মবিশ্বাসী করে তুলবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ছাড়াই

নৈতিক শিক্ষা ও মূল্যবোধের সংকট

প্রযুক্তি যদি মানবসভ্যতাকে গতি প্রদান করে, তবে নৈতিকতা তাকে দেয় সঠিক ও নিরাপদ দিকনির্দেশনা। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা প্রযুক্তিতে যতটা এগিয়ে যাচ্ছি, মানবিক মূল্যবোধ ও নৈতিকতায় ঠিক ততটাই পিছিয়ে পড়ছি। বর্তমান শিক্ষাব্যবস্থায় জিপিএ-৫ পাওয়ার তীব্র ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ‘যেকোনো উপায়ে সফল হওয়ার’ একটি নেতিবাচক মানসিকতা তৈরি করছে। ফলে সততা, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা এবং ধৈর্যের মতো মৌলিক গুণগুলো সমাজ থেকে হারিয়ে যাচ্ছে।

এই সংকট থেকে উত্তরণের জন্য পাঠ্যবইয়ে কেবল কিছু নীতিবাক্য বা নৈতিকতার গল্পজুড়ে দেওয়াই যথেষ্ট নয়। বরং শ্রেণিকক্ষে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবনের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে সঠিক ও নৈতিক সিদ্ধান্ত নেওয়ার সন্ধান পায়। কেস স্টাডি, সামাজিক কর্মকাণ্ড এবং রোল-প্লের মাধ্যমে তাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দুর্বলকে সাহায্য করার মানসিকতা তৈরি করতে হবে। নৈতিকতাহীন মেধা কেবল ধ্বংসেরই কারণ হয়, এই সত্য শিক্ষার্থীদের মনে গভীরভাবে গেঁথে দিতে হবে।

বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ফুলব্রাইট ফরেন স্কলারশিপে, আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন

পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা

একটি শিশুর শিক্ষার বিশাল অংশ সম্পন্ন হয় শ্রেণিকক্ষের বাইরে, তার চিরচেনা প্রাত্যহিক পরিবেশে। চরিত্র গঠনে পরিবার হলো মানুষের প্রথম ও প্রধান পাঠশালা। মা–বাবা যদি নিজেরা প্রযুক্তির অপব্যবহার করেন, সাইবার জগতে দায়িত্বহীন আচরণ করেন কিংবা ব্যক্তিগত জীবনে অনৈতিকতাকে প্রশ্রয় দেন, তবে শিক্ষাপ্রতিষ্ঠানের শত চেষ্টাও ব্যর্থ হতে বাধ্য।

একইভাবে, আমাদের সমাজও আজ এক গভীর সংকটে নিমজ্জিত। সমাজ যদি কেবল অর্থ, ক্ষমতা আর বাহ্যিক চাকচিক্যকে সাফল্যের মাপকাঠি মনে করে, তবে কিশোর মন খুব স্বাভাবিকভাবেই নৈতিকতার পথ থেকে বিচ্যুত হবে। কিশোর অপরাধের সমসাময়িক উত্থান আমাদের এই বার্তাই দেয় যে, তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে পরিবার ও সমাজ ব্যর্থ হচ্ছে। তাই প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক চর্চাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। পরিবার, সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি নিবিড় ও সুদৃঢ় মেলবন্ধনই পারে কিশোরদের সুস্থ মানসিক বিকাশের নিশ্চয়তা দিতে।

ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন যে যে নির্দেশনা

মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন ও রূপান্তর

আমাদের প্রচলিত পরীক্ষা পদ্ধতি মূলত শিক্ষার্থীর মুখস্থ করার ক্ষমতাকে যাচাই করে, তার প্রকৃত মেধা বা সৃজনশীলতাকে নয়। শুধু বছরের শেষে বিষয়ভিত্তিক তিন ঘণ্টার লিখিত পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর দীর্ঘ এক বছরের মূল্যায়ন করার প্রথা থেকে বেরিয়ে এসে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে।

আধুনিক মাধ্যমিক শিক্ষায় মূল্যায়ন পদ্ধতি হতে হবে ধারাবাহিক ও বহুমাত্রিক। শিক্ষার্থীর সারা বছরের ক্লাসের পারফরম্যান্স, সামষ্টিক মূল্যায়ন, দলগত কাজ (Project-based learning), বিতর্ক প্রতিযোগিতা, প্রযুক্তিগত জ্ঞান, খেলাধুলা, চারু ও কারুকলা এবং সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণকে মূল্যায়নের আওতায় আনতে হবে। একই সঙ্গে তার আচরণ, সহপাঠীদের প্রতি সহমর্মিতা, লাইফ স্কিল বিষয়ক শিক্ষা এবং নেতৃত্বের গুণাবলিও চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হওয়া উচিত। এই আধুনিক মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষার ভীতি দূর করার পাশাপাশি তাদের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত ও বৈচিত্র্যময় প্রতিভাগুলো বিকাশের সুযোগ তৈরি করবে, যা তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

মাধ্যমিক শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন বা সংস্কার কেবল কিছু নতুন পাঠ্যবই মুদ্রণ কিংবা সিলেবাস পরিবর্তনের বিষয় নয়; এটি মূলত একটি সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। প্রযুক্তির আলোয় নিজেকে দক্ষ ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নৈতিকতার আদর্শে নিজের চরিত্রকে সুশোভিত করাই হোক প্রতিটি শিক্ষার্থীর মূল লক্ষ্য। উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে রাষ্ট্রকে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, পদোন্নতি, মর্যাদা এবং নিরাপদ জীবন যাপনের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র—এই তিন শক্তির সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় যদি একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যায়, তবেই আমরা আগামী দিনে একটি ন্যায় ও জ্ঞানভিত্তিক, সমৃদ্ধ ও বিবেকবান প্রজন্ম উপহার পাব, যারা এই দেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।

লেখক: শাহাব উদ্দীন মাহমুদ সালমী, শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা।