ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত তদবির, সুপারিশ ও বিভিন্ন সুবিধা আদায়ের অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে তারা স্পষ্ট করেছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই এবং সব প্রশাসনিক সিদ্ধান্ত মেধা, যোগ্যতা, সততা ও প্রচলিত বিধিবিধানের ভিত্তিতেই হওয়া উচিত।
শুক্রবার (৩ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম এবং অধ্যাপক মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি সাদা দল ও এর শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে ঢাবি প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তদবির, সুপারিশ ও নানা ধরনের সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে সাদা দলের কোনো সম্পর্ক নেই। সংগঠনটি কখনো কোনো অনৈতিক আবদার বা সুপারিশ করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়োগ, পদায়ন, পদোন্নতি, গবেষণার সুযোগ, বৃত্তি ও অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে সাদা দল মেধা, যোগ্যতা, সততা, স্বচ্ছতা এবং প্রচলিত বিধিবিধানকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে। যোগ্য ও নিয়ম অনুযায়ী অধিকারী ব্যক্তি অবশ্যই তার প্রাপ্য সুযোগ পাবেন। দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা আদায়ের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে সাদা দল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভবিষ্যতে সাদা দল বা এর কোনো নেতার নাম ব্যবহার করে কোনো সুপারিশ, তদবির বা ব্যক্তিগত দাবি উত্থাপন করা হলে তা গ্রহণ না করে সরাসরি সাদা দলের দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সাদা দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।








