জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন সই করা এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

এতে বলা হয়, জাবির ১৮তম ব্যাচের কৃতী শিক্ষার্থী, সাবেক সিনেট সদস্য এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে গ্রেড-২ রাষ্ট্রদূত পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য খুবই গৌরবের।

তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানায় শিক্ষক ফোরাম।

অধ্যাপক ওয়াহিদুজ্জামান ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জাবির ভূতত্ত্ব ও পরিবেশ বিভাগে অধ্যয়ন করেন। শিক্ষাজীবনে তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নীতিনির্ধারণী কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’-এর সংগঠক ও মঞ্চ অভিনেতা হিসেবেও অবদান রাখেন।

মো.রকিব হাসান প্রান্ত/এসআর/জেআইএম