বরিশালের আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জহিরুল শিকদার (৩৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ জুলাই) এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

জহিরুল শিকদার উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৫৮)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার, শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদার গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার পূর্ব বিরোধের জেরে বেলা ১১ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাতে ওই ঘটনার জেরে ফের জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী মনি বেগম বলেন, “আমার স্বামীকে সেন্টু শিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার ডেকে নিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।”

আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”