আগৈলঝাড়ায় সড়কের পাশে বসে নৌকা তৈরি করলে হাটের খাজনা দিতে হবে বলে হুমকি দেন রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ ঘটক। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। যার ফলে শ্যামল চন্দ্র ঘটককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। জানা গেছে, আগৈলঝাড়া-বাশাইল-ঘোষেরহাট সড়কের উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল কলেজের সামনে সড়কের পাশে বসে অমল দাস ও তার বাবা অনেক বছর ধরে নৌকা তৈরি করে আসছিলেন। সম্প্রতি ওই স্থান দিয়ে শ্যামল চন্দ্র ঘটক যাওয়ার সময় অমল দাসকে সড়কের পাশে বসে নৌকা তৈরি করতে দেখে হুমকি-ধমকি দিয়ে হাটের খাজনা দিতে বলেন।

এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে রোববার শোকজ করা হয়। শ্যামল চন্দ্র ঘটক বলেন, আমি তাদের হাটে গিয়ে নৌকা বিক্রি করার কথা বলেছি। হাটে গিয়ে নৌকা বিক্রি করলে ওই খাজনার টাকা দিয়ে মন্দিরের উন্নয়ন কাজ করা হবে। সামনে চেয়ারম্যানের নির্বাচন করব, তাই আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।