ভারতের গুজরাটের আহমেদাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের অন্তত আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো ৯ জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহমেদাবাদের বস্ত্রাল শহরে ওই আতশবাজির কারখানায় শনিবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং র্যাফ। একে একে দগ্ধ দেহ কারখানা থেকে বার করে আনা হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় আহতদের।
ওই কারখানার লাইসেন্স অনেক দিন আগেই বাতিল হয়েছে। তারপরেও কী ভাবে ওই কারখানা চলছিল সেই উঠছে প্রশ্ন।
পুলিশ জানিয়েছে, লাইসেন্স বাতিল হওয়ার পর একটি খামারে অবৈধভাবে বাজি কারখানা চলছিল।
এই বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।








