পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল। এই বিশ্বকাপে মরক্কোর সঙ্গে ড্র করে শুরুটা একটু মন্থর ছিল, কিন্তু হাইতি ও স্কটল্যান্ডকে উড়িয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রেখেছে নকআউটে। অথচ শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ জাপানের স্ট্রাইকার কেন্টো শিওগাই বলছেন, ব্রাজিলের নাম অতটা শোনা যায় না এখন! এ নিয়ে আবার পরে পাল্টা উত্তর দিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার মার্কিনিওস।

কাইডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শিওগাইয়ের কথাটা একটু খোঁচার মতোই শোনাতে পারে, ‘ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল। কিন্তু এখন আর্জেন্টিনা ও ফ্রান্সকে আমি বেশি শক্তিশালী মনে করি। ব্রাজিলের নাম আগের মতো অতটা শোনা যায় না।’

শিওগাইয়ের এমন মন্তব্য নিয়ে জানতে চাওয়া হয়েছিল ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওসের কাছে। প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ করেননি এই ডিফেন্ডার। তবে তাঁর কথাতে একটা ঝাঁজ ছিল ঠিকই।

ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস

মার্কিনিওসের উত্তরটা শুনুন, ‘আমাদের দলকে অনুপ্রাণিত করার জন্য ওরা যত বেশি কথা বলবে, ততই ভালো। আমরা প্রায় এক মাস ধরে এখানে আছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ ধরনের কথাবার্তা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিচ্ছি—আমাদের অনুপ্রাণিত করতে ওরা যত ইচ্ছা কথা বলতে থাকুক।’

মার্কিনিওস বরং নিজেদের কাজটাই করতে চান, ‘এটা হয়তো তাদের কিছুটা অহংকার। তবে ব্রাজিল এখনো দুর্দান্ত দল। আগামীকাল আমাদের স্রেফ নিজেদের আসল শক্তি মাঠে ফুটিয়ে তুলতে হবে। এ ধরনের কথাবার্তা ওদের ওখানেই থাক, আগামীকালের ম্যাচে এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যেন আমরা প্রতিটি বলের জন্য লড়াই করতে পারি এবং নিজেদের যোগ্যতায় ম্যাচটি জিতে নিতে পারি।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকেও সংবাদ সম্মেলনে শিওগাইয়ের এ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য এসব ‘মাইন্ড গেমে’ জড়াতে চান না বলে এড়িয়ে গেছেন।

গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে জাপান। তিউনিসিয়াকে হারিয়ে তারা শেষ ৩২–এ এসেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। আজ বাংলাদেশ সময় রাত ১১টার ম্যাচটা তাই জমজমাটই হওয়ার কথা।

জাপানের বিপক্ষে ম্যাচকে কেন ‘ফাইনাল’ বললেন ব্রাজিল কোচ