আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু। তিনি জেলা তাঁতিলীগের সাবেক আহ্বায়কের দায়িত্বেও ছিলেন। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

মতবিনিময় সভায় সাবেক এই ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী রাজু (রাজিউদ্দিন আহমেদ রাজু) সাহেব জোর করে আমাকে দুইবার নির্বাচনে ফেল করিয়েছেন এবং নানাভাবে হয়রানি করেছেন। এমনকি, আমাকে নির্বাচন অফিসে পর্যন্ত আটকে রাখা হয়েছিল। আমি আসলে কখনো মনে-প্রাণে অন্য দল করি নাই, শুধু আওয়ামী লীগের সমর্থক ছিলাম।’’ 

নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে আলী আহম্মেদ দুলু বলেন, ‘‘আমি একসময় ছাত্রদল করতাম। ১৯৮১ সাল থেকে ছাত্রদল করার পর যখন চেয়ারম্যান হলাম, তখন যে দল যখন ক্ষমতায় এসেছে, সেই দলের সঙ্গে একটা ব্যালেন্স করে চলেছি। কিন্তু অরিজিনালি আমি ছোটবেলা থেকেই বিএনপি করে আসছি। আমার এলাকার ভাই-ব্রাদার যারা আছেন, তারা সবাই বিএনপির লোক।’’ 

তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দেন। দুলু বলেন, ‘‘আগের সব পদ-পদবি ছেড়ে আমি বিএনপিতে যোগ দিলেও তখন প্রেস ক্লাবে এসে কিছু বলিনি। আজ আমাদের খোকন ভাইয়ের অনুমতি ও নির্দেশ পেয়ে রায়পুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে এই আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।’’