জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোনকলে রাজধানীর পোস্তগোলা এলাকায় একটি উচ্চ বিদ্যালয়ের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে থাকা ৭ম শ্রেনীর শিক্ষার্থী নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ার সাত্তার বলেন, বৃহষ্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলা থেকে নিগার সুলতানা নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান, উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় যাবৎ ভেতর থেকে বন্ধ আছে, একজন ছাত্র ভেতরে আছে কিন্তু অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। সংবাদ পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ৭ম শ্রেনীর ছাত্র নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করে। জানা যায়, সে টয়লেটের ভেতর সে অজ্ঞান হয়ে গিয়েছিল।

কেআর/এএমএ