ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ প্রার্থনা ও মেলা শুরু হয়েছে। আগামী ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রার’ মাধ্যমে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে।ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা। বিকেলে কারুশিল্পের পৌর শহর ধামরাইয়ে এই উৎসবের সূচনা হয়। পল্লীকবি জসীম উদ্দীনের কবিতায় যে রথের বর্ণনা ছিল, সেই ঐতিহ্যের টানে দেশ-বিদেশের লাখো মানুষ এখানে জড়ো হন। মাসব্যাপী মেলার নিরাপত্তা ও আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রথযাত্রা উদযাপন কমিটি।মাগুরা: মাগুরায় সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শহরের নতুন বাজার ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত অচ্ছুত ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রথযাত্রা উপলক্ষে শহরের মন্দিরগুলোতে গ্রামীণ মেলা বসেছে।বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে পালিত হয়েছে রথযাত্রা। বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। পরে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রথটি টেনে বালাঘাটা রক্ষাকালী মন্দিরে নিয়ে যাওয়া হয়।ফরিদপুর : ফরিদপুর শহরে পৃথক পৃথক মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে রথযাত্রা পালিত হয়েছে। সকাল থেকে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন, চৌধুরী বাড়ির দুর্গা মন্দির এবং গৌড় গোপাল আঙিনা থেকে সুসজ্জিত রথ শহর প্রদক্ষিণ করে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রসাদ বিতরণ ও নামসংকীর্তনের আয়োজন করেছে স্থানীয় ইসকন মন্দির।রাজশাহী : রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বিকেলে নগরীর পৃথক দুটি স্থানে রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহীর উদ্যোগে রেশমপট্টি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ আলী ঈশা, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ধর্মীয় ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় ইসকন নামহট্ট মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মানবকল্যাণে অগ্নিহোত্র যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞ শেষে এক আলোচনা সভায় বক্তারা সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন। উৎসব উপলক্ষে আগামী কয়েক দিন নামসংকীর্তন ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জগন্নাথ দেবের আট দিনব্যাপী রথযাত্রা শুরু হয়েছে। বিকেলে জেলা সদরের হরিকেশ ইসকন মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ার জগন্নাথ নামহট্ট মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো ভক্ত অংশ নেন। আয়োজক কমিটির আহ্বায়ক সুবাস সরকার জানান, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।চাঁদপুর : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। বিকেলে শহরের ইসকন মন্দির, গোপাল জিউড় আখড়া ও পুরান বাজার হরিসভা মন্দির থেকে পৃথক তিনটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। রথযাত্রা উপলক্ষে ইসকন আট দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। আগামী ২৩ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশ উপজেলায় দুটি পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল জগন্নাথ মন্দির থেকে সুধাময় বণিকের নেতৃত্বে একটি এবং বরাবো রামসীতা মন্দির থেকে আরেকটি রথযাত্রা বের করা হয়। শঙ্খ ও উলুধ্বনিতে মুখর পরিবেশে শত শত ভক্ত জগতের নাথের কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : পর্যটন নগরী ও চায়ের দেশ শ্রীমঙ্গলে পৃথক দুটি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের সবুজবাগ আবাসিক এলাকার ইসকন মন্দির এবং হবিগঞ্জ রোডের জগন্নাথ দেবের আখড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শত শত ভক্তের অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলার প্রত্যন্ত দক্ষিণ তাফালবাড়ি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব উদযাপিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি কৃষ্ণকান্ত বাইনের নেতৃত্বে গ্রামের মানুষ ধর্মীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে স্বল্প পরিসরে রথযাত্রা পালন করেন।ঝিনাইদহ ও নেছারাবাদ : ঝিনাইদহ জেলা শহর এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমেও যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা পালন করা হয়েছে। এসব স্থানে ভিডিও চিত্র ও উৎসবের নানা আয়োজনে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা পালিত হয়েছে। সদর পশ্চিম পাড়া জগন্নাথ মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গৌর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনসহ স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৯ দিনব্যাপী এই উৎসব আগামী ২২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।