চট্টগ্রামে কওমি ঘরানার সাত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয় বলে জানান দলটির নেতারা। বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কওমি রাজনৈতিক দলগুলোর জন্য বিভিন্ন জোটের বিষয়ে করণীয় নির্ধারণের বিষয়ে আলোচনা এই বৈঠকের মূল এজেন্ডা ছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কওমি ঘরানার ইসলামি দলগুলোর মধ্যকার বৃহত্তর ঐক্য ও ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নির্ধারণে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করেন দলগুলোর নেতারা। সেই সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দলগুলো একমত পোষণ করেন। সেই সঙ্গে কওমি ঘরানার ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলে ইসলামের খেদমত ও জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

হেফাজতে ইসলামীর আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।

বৈঠকে হেফাজতের ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দলটির আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক মুফতি খলিদ আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দীন, নায়েবে আমির ও নানুপুর বড় মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দীন নানুপুরী। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নায়েবে আমির মাওলানা আলী উসমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফতমজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’

এ বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস জানান, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয়, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।