আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড জিতেছে ২-০ গোলে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত সুইজারল্যান্ড। এদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও সাহসী ফুটবল খেলেছে আলরেজিয়া।

আলজেরিয়া শুরুতে আগ্রাসী ফুটবল খেলে সুইজারল্যান্ডকে চাপে রাখার চেষ্টা করে। সেই তুলনায় সুইজল্যান্ড রক্ষণাত্মক ছিল। তবে ১০ মিনিটেই বদলে যায় খেলার গতি। প্রতি আক্রমণ থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। মাঝমাঠ থেকে বল নিয়ে আলজেরিয়ার বক্সে ঢুকে যান মানজাম্বি। পোস্টের বাঁ দিকে প্রায় গোল লাইন থেকে করা তার ক্রসে পরাস্ত হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফাঁকায় বল পেয়ে গোল করেন এমবোলো।

পিছিয়ে পড়ার পরও আলজেরিয়া সাহসী ফুটবল খেলেছে। সুইজারল্যান্ডের বক্সে বারবার হানা দেওয়ার চেষ্টা করেছে। তবে ফাইনাল থার্ডে গিয়ে আটকে যান আলজেরিয়ার স্ট্রাইকাররা। লিড নেওয়ার পর সুইজারল্যান্ড দাপুটে ফুটবল খেলে। মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন সুইস ফুটবলাররা। ২৪ মিনিটে অল্পের জন্য বাইরে চলে যায় রিকার্ডো রদ্রিগেজের শট। ৩১ মিনিটে আলজেরিয়ার বক্সে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেন রুবেন ভার্গাস। সুইজারল্যান্ড দাপট বাড়ালেও প্রথমার্ধে আর গোল করতে পারেনি। চাপের মুখে লড়াই চালিয়ে যায় আলজেরিয়া। ৪৪ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন রিয়াদ মাহরেজ। সুইজারল্যান্ডের গোলরক্ষক পোস্টের ডান দিকে ছিলেন। বাঁ দিকে অনেকটা জায়গা অরক্ষিত ছিল। তাড়াহুড়া করতে গিয়ে ডান দিকেই শট নেন মাহরেজ। প্রথমার্ধের যোগ করা সময়েও গোলের সুযোগ নষ্ট করে আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে গোল করেন ডান এনদোয়ে। বক্সে উড়ে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি আলজেরিয়ার ডিফেন্ডার। ফাঁকায় বল পেয়ে যান এনদোয়ে। দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এরপরও আলজেরিয়া লড়াই থেকে পিছিয়ে যায়নি। ব্যবধান কমানোর চেষ্টা করেছে। তবে তাতে সফল হয়নি। ৬৫ মিনিটের পর সুইজারল্যান্ড আক্রমণের তীব্রতা অনেকটা বাড়িয়ে দেয়। খেলা থেকে ক্রমশ হারিয়ে যেতে শুরু করে আলজেরিয়া। এ সময় গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে সুইজারল্যান্ড। অন্তত দুবার প্রায় নিশ্চিত গোল রুখে দিয়েছেন জিনেদিন জিদানের গোলরক্ষক পুত্র।