আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে কলেজছাত্র সুমন শেখকে কুপিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কবির শেখের বাড়ি উপজেলার বড়ভাগ গ্রামে এবং ওই হত্যা মামলার আট নম্বর এজাহারভুক্ত আসামি। জানা যায়, ২৬ জুন সন্ধ্যায় বড়ভাগ পূর্বপাড়া এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সুমন শেখকে। নিহত সুমন ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর এমএ খালেক ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পরদিন নিহতের ভাই শামীম শেখ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হোসাইন শেখকে প্রধান আসামি করে ১৭ জনের নামে মামলা করা হয়। এ ঘটনার পর থেকে কোনো আসামি গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন। ওসি ফকির তাইজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।








