রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা করার অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন এবং তিনজন ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার। অভিযোগ রয়েছে, তারা এই অবৈধ কাজে সহযোগিতার বিনিময়ে নগদ অর্থ গ্রহণ করেছেন।

রবিবার (১২ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জিয়াউর রহমানের স্বাক্ষরিত চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকের হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন। 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম এ তথ্য জানিয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জাতীয়তা ও পরিচয় সংক্রান্ত ভুয়া ও অসংগতিপূর্ণ কাগজপত্র সৃজনে প্রত্যক্ষ সহযোগিতা, অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা প্রদান এবং এ মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ইউপি সদস্য সন্তোষ কান্তি দাশ, জাকের হোসেন ও আবদুল মতিন এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন। 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা নোটিশ পাওয়ার পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত জবাব দেবেন। 

বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও সদস্যের পদে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানান তিনি।