ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে প্রায় ১৮০ টাকা। এতে দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস বন্ধ থাকার পর প্রথম দফায় ১৬ আমদানিকারককে মোট পাঁচ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানির প্রথম দিনে ৪ ট্রাকে ২৯ মেট্রিকটন এবং পরদিন ১২ ট্রাকে ৭৫ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করা হয়।

বুধবার (৫আগস্ট) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানির প্রভাবেই বাজারে সরবরাহ বেড়েছে এবং দাম কমছে। যে কাঁচামরিচ গত রোববার ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। তা এখন মানভেদে ১২০ টাকায় নেমেছে।

হিলি বাজারে সবজি কিনতে আসা আরিফুল ইসলাম জানান, বর্তমান বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেশি। এর মধ্যে কাঁচামরিচের দাম কয়েকদিন আগে ৩০০ টাকা উঠেছিল। আজ একই মরিচ ১২০ টাকা কেজি কিনেছি। তবে দাম আরও কিছুটা কমলে ভালো হবে।

ষাটোর্ধ্ব শমসের আলী জানান, কয়েক সপ্তাহ আগেও ৪০-৫০ টাকা কেজিতে কাঁচামরিচ কিনেছি। পরে সেটি বেড়ে ৩০০ টাকায় পৌঁছায়। এখন আবার ১২০ টাকায় নেমেছে। আগের মতো দাম হলে আরও স্বস্তি হবে।

কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব বলেন, দেশি কাঁচামরিচ ১২০ টাকা দরে বিক্রি করছি। অথচ দুই দিন আগেও একই মরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

মো. মাহাবুর রহমান/এএইচ/এএসএম