লক্ষ্মীপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা চলাকালে এ পরিস্থিতি তৈরি হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। এতে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল শুরু হয়।এ সময় মিলনায়তনে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে উভয় পক্ষকে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর পুনরায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, “বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কিছুটা কথা-কাটাকাটি হয়েছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেছে।”