বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষা পূরণ করতে হলে সব রাজনৈতিক দলকে ধৈর্য ও সহনশীল আচরণ করতে হবে। ফ্যাসিস্টরা যে ভাষায় কথা বলত, সেই একই ভাষা ব্যবহার করলে গণতন্ত্র হৃদয়ে ধারণ করা হয় না।
বুধবার (৫ আগস্ট) সকালে যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা আধুনিক আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চাই।
এর আগে, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
মিলন রহমান/কেএইচকে/এএসএম








