বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হৃদয়ভাঙা হারের পর ইংল্যান্ড শিবিরে শুরু হয়েছে আত্মসমালোচনা। সাবেক ফুটবলারদের পাশাপাশি এবার খেলোয়াড়দের বক্তব্যেও উঠে এসেছে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের রক্ষণাত্মক হয়ে যাওয়ার বিষয়টি। ডিফেন্ডার মার্ক গেহির মন্তব্যে অনেকেই কোচ থমাস টুখেলের কৌশলের প্রতি পরোক্ষ সমালোচনার ইঙ্গিত দেখছেন।

ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গেহি বলেন, ‘আমাদের আক্রমণ চালিয়ে যাওয়া উচিত ছিল।’

তিনি মনে করেন, ম্যাচের একটি বড় অংশজুড়ে ইংল্যান্ড ভালো খেলেছে এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে সমানতালে লড়াই করেছে। তবে এগিয়ে যাওয়ার পর দল নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে পারেনি।’

গেহি বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা অনেক পরিশ্রম করেছি, কিন্তু শেষ পর্যন্ত ফলটা আমাদের পক্ষে আসেনি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আর্জেন্টিনা দারুণ একটি দল। তবু আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করছিলাম এবং অনেক সময় ম্যাচ নিয়ন্ত্রণেও ছিলাম।’

ইংল্যান্ড ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পারেনি। পরে টুখেল গোলদাতা গর্ডনকে তুলে ডিফেন্ডার এজরি কনসাকে নামিয়ে পাঁচ ডিফেন্ডারের রক্ষণ সাজান। এরপর আর্জেন্টিনা ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ে লিওনেল মেসির ক্রস থেকে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে ফাইনালে তুলে নেন।

গেহি বলেন, ‘এই হার মেনে নেওয়া কঠিন। তবে আমাদের শিক্ষা নিতে হবে, আরও শক্ত হয়ে ফিরে আসতে হবে।’

ইংল্যান্ডের এই পরাজয়ের পর টুখেলের কৌশল নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। গেহির মন্তব্যও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

আরআর/এমএমআর