২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচের এক পর্যায়ে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের উচ্ছ্বসিত উদযাপন আর্জেন্টাইন সমর্থকদের ক্ষুব্ধ করলেও শেষ হাসি হেসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। গোলের পর পিকফোর্ডও আবেগে ভেসে যান। নিজের গোলপোস্টের সামনে উচ্ছ্বাস প্রকাশের সময় তিনি আর্জেন্টাইন সমর্থকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করেছেন বলে সামাজিক মাধ্যমে দাবি ওঠে। সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
তবে ম্যাচের মোড় ঘুরতে বেশি সময় লাগেনি। আর্জেন্টিনা আক্রমণের তীব্রতা বাড়ালে এনজো ফার্নান্দেজ দুর্দান্ত এক শটে সমতা ফেরান। গোল করার পর ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো পিকফোর্ডের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, যা ইংলিশ গোলরক্ষকের আগের উদযাপনেরই জবাব হিসেবে দেখা হয়।
এরপর ম্যাচের শেষ দিকে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে ফাইনালে তুলে দেন। পিকফোর্ড ব্যক্তিগতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও শেষ পর্যন্ত তিনি দলের পরাজয় ঠেকাতে পারেননি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেন, আর্জেন্টিনাকে উসকে দেওয়ার পর শেষ পর্যন্ত পিকফোর্ডই 'কর্মফলের' শিকার হয়েছেন। তবে তিনি ইচ্ছাকৃতভাবে কী অঙ্গভঙ্গি করেছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি।
আরআর/এমএমআর








