আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।

ম্যাচের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই ঘটনার পেছনের কারণ জানা যায়। ভিডিওটি ধারণ করেছিলেন গ্যালারিতে থাকা এক দর্শক। ভিডিওতে দেখা যায়, এনসো ফার্নান্দেস আর্জেন্টিনাকে ম্যাচে ফেরানোর পর বদলি বেঞ্চ থেকে উচ্ছ্বাস নিয়ে মাঠে প্রবেশ করেন বার্কো। এ সময় বিমর্ষ হয়ে থাকা ইংল্যান্ডের খেলোয়াড়দের খুব কাছ দিয়ে যান তিনি।

দৌড়ানোর সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের সামনে দিয়েই গোল উদযাপন করতে দেখা যায় বার্কোকে। এক পর্যায়ে ইংল্যান্ডের এক ফুটবলার তাঁকে ধাক্কাও দেন। সেখানে ছিলেন কয়েকজন ইংলিশ খেলোয়াড়। তাঁদের মধ্যেই ছিলেন বেলিংহাম, যাঁকে ভিডিওতে ঘাসের ওপর শুয়ে থাকতে দেখা যায়। রিয়াল মাদ্রিদ তারকার কয়েক মিটার দূর দিয়ে দৌড়ে চলে যান বার্কো।

অফিসিয়াল সম্প্রচারে এই অংশটি না থাকায় দর্শকেরা কেবল ম্যাচ শেষে বেলিংহামের চড় মারা, ওতামেন্দির হস্তক্ষেপ এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাক্যবিনিময়ই দেখতে পেয়েছিলেন। তবে নতুন এই ভিডিও প্রকাশের পর বেলিংহামের ক্ষোভের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বেলিংহামের এমন আচরণের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এই সংঘর্ষ নিয়ে আর্জেন্টিনা দলের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।