বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচিত হওয়ার পর জয় চৌধুরী শিল্পী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের পুরো পথচলার মূল লক্ষ্য ছিল শিল্পীদের স্বার্থ রক্ষায় একটি কার্যকর, শক্তিশালী ও দায়িত্বশীল পরিষদ গঠন করা।
তিনি বলেন,“আমাদের পথচলা মোটেও সহজ ছিল না। শুরু থেকেই পরিকল্পনা ছিল শিল্পীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী পরিষদ গঠন করা। সেই লক্ষ্য নিয়েই শিবা সানু ভাইয়ের মতো কর্মঠ ও সৎ মানুষের নেতৃত্বে আমরা কাজ করেছি।”
দলগত প্রচেষ্টার কথা উল্লেখ করে জয় চৌধুরী বলেন,“আমাদের সহযোগী হিসেবে সবার প্রিয় সুব্রতদা পুরো টিমকে অত্যন্ত সুন্দরভাবে সমন্বয় করেছেন। নানা চ্যালেঞ্জ থাকলেও আমরা সবাই একসঙ্গে সেগুলো সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।”
আসন্ন মেয়াদে শিল্পী সমিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন,“আগের অনেক নির্বাচনে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়েছে। তবে এবার আমরা চাই আলোচনা, ঐক্য ও সৌহার্দ্যের মধ্য দিয়েই ২০২৬–২০২৮ মেয়াদের কার্যক্রম পরিচালিত হোক।”
শিল্পী সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয় চৌধুরী আরও বলেন,“সদস্যদের আন্তরিক সহযোগিতা ও আস্থার কারণেই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন সম্পন্ন হয়েছে। তাদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”








