সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে সেন্সর বোর্ডের (CBFC) জটের যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন নির্মাতারা। তাদের দাবি, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা-ই দেওয়া হয়নি, তাই আটকে যাওয়ার কোনো প্রশ্নই নেই।

সম্প্রতি কিছু প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি নাকি সিবিএফসি থেকে অনুমোদন পায়নি এবং ছাড়পত্রও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। তবে নির্মাতারা এসব খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

৪ জুলাই দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, “‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি সিবিএফসির কোনো সমস্যায় পড়েনি এবং এর ছাড়পত্র স্থগিত করার খবরও সত্য নয়। আসলে সিনেমাটি এখনো সিবিএফসিতে জমাই দেওয়া হয়নি। তাই এসব খবর পুরোপুরি মিথ্যা।”

নির্মাতারা আরো জানায়, যাচাই ছাড়া কোনো তথ্য না ছড়াতে অনুরোধ করা হচ্ছে। সিনেমার যেকোনো অফিসিয়াল আপডেট শুধু ‘সালমান খান ফিল্মস’ অফিশিয়াল চ্যানেল থেকেই জানানো হবে।

এর আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গ্যালওয়েন’। তখন সিনেমাটা এপ্রিল মাসে মুক্তির কথা থাকলেও পরে মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকেই শুটিং, গল্পে কিছু ক্রিয়েটিভ পরিবর্তন এবং সেন্সর জট নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

সিনেমাটি স্বাধীনতা দিবসের সময় আগস্টে মুক্তি পেতে পারে এমনটা শোনা যাচ্ছিল। তবে এখনো মুক্তির নতুন সময় ঘোষণা করা হয়নি।

নতুন পরিচালক অপুর্ব লাখিয়ার এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চিত্রাঙ্গদা সিং। নাম পরিবর্তন ও মুক্তি পিছিয়ে যাওয়ার কারণে শুরু থেকেই আলোচনায় থাকা এই সিনেমাটি এবার সেন্সর জটের গুজব উড়িয়ে আবারো শিরোনামে এসেছে।

*ইন্ডিয়া টুডে অবলম্বনে