যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘকে নিয়ে নির্মিত এ ছবিকে ঘিরে মুক্তির আগেই তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা। তবে সেই উন্মাদনা বক্স অফিসে খুব একটা প্রতিফলিত হয়নি। মুক্তির প্রথম দিনেই প্রত্যাশার তুলনায় অনেক কম আয় করেছে সিনেমাটি।
ভারতীয় বিনোদন বাণিজ্যের বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্যমতে, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে আয় করেছে প্রায় ৯ কোটি রুপি। দেশের ৭ হাজার ৫০০-এর বেশি পর্দায় মুক্তি পেলেও সিনেমাটি দুই অংকের উদ্বোধনী আয় ছুঁতে পারেনি।
আরও পড়ুন
এবার জাপান জয়ের মিশনে রণবীরের ‘ধুরন্ধর’
যশরাজের স্পাই ইউনিভার্সের আগের সিনমোগুলোর সঙ্গে তুলনা করলে ‘আলফা’ অনেকটাই পিছিয়ে রয়েছে। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। সালমান খানের ‘টাইগার ৩’সিনেমার উদ্বোধনী আয় ছিল ৪৩ কোটি রুপি। আর হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ প্রথম দিনেই সংগ্রহ করেছিল ৫২ কোটি রুপি। সেই তুলনায় আলিয়া ভাটের ‘আলফা’র সূচনা বেশ ম্লান।
তবে আলিয়ার আগের সিনেমা ‘জিগরা’র তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে ‘আলফা’। ‘জিগরা’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪ দশমিক ৫৫ কোটি রুপি।
মুক্তির আগে থেকেই ‘আলফা’ নানা কারণে আলোচনায় ছিল। সিনেমায় আলিয়া ভাটের অ্যাকশন দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। অনেকের মতে, তাকে অ্যাকশনধর্মী চরিত্রে খুব একটা মানায়নি। এছাড়া ‘জিগরা’র বক্স অফিস ব্যর্থতার প্রভাবও নতুন সিনেমার প্রতি দর্শকের আগ্রহে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
তবে সিনেমাটি নিয়ে সব আলোচনা নেতিবাচক নয়। ভারতীয় মূলধারার সিনেমায় নারীকেন্দ্রিক অ্যাকশন স্পাই থ্রিলার খুবই বিরল। এর আগে ‘রাজি’, ‘নাম শাবানা’ কিংবা ‘খুফিয়া’র মতো নারীপ্রধান গুপ্তচরভিত্তিক সিনেমা নির্মিত হলেও যশরাজের স্পাই ইউনিভার্সে এই প্রথম দুই নারীকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন
শাহরুখের নতুন সাফল্য, যুক্তরাষ্ট্রে কিনলেন আন্তর্জাতিক স্টেডিয়াম
এখন দেখার বিষয়, সপ্তাহান্তের ছুটিতে দর্শক টানতে পারে কি না ‘আলফা’। কারণ বড় বাজেটের ছবিগুলোর ক্ষেত্রে প্রথম দিনের তুলনায় শনি ও রোববারের আয়ই অনেক সময় বক্স অফিসের ভবিষ্যৎ নির্ধারণ করে।
এমএমএফ








