প্রায় ২৫ বছরের পরিচয়। তারপর দীর্ঘ সময় কোনো যোগাযোগ ছিল না। জীবন এগিয়েছে দুজনেরই আলাদা পথে। তবে ভাগ্যের টানে আবারও মুখোমুখি হন বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট। সেই পুনর্মিলন থেকেই শুরু হয় নতুন সম্পর্ক, যা এবার গড়াচ্ছে বিয়ের পরিণতিতে।

আগামীকাল (৫ জুলাই) মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আমির ও গৌরী। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়েই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থাকলেও গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন আড়ালে রেখেছিলেন তিনি। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই অভিনেতা। তখনই জানান, জীবনের এই বিশেষ দিনটিকেই সম্পর্ক প্রকাশের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে হয়েছিল তার।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমির ও গৌরীর পরিচয় প্রায় আড়াই দশকের পুরোনো। তবে একসময় তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর আবার যোগাযোগ শুরু হলে পুরোনো বন্ধুত্ব নতুন মাত্রা পায়। ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি আসেন তারা। সেই বন্ধুত্বই পরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয় এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন এই যুগল।

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা। ফ্যাশন ও ফটোগ্রাফির জগতে কাজের অভিজ্ঞতা থাকলেও তিনি সবসময় বলিউডের প্রচারের আলো থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন। ফলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগত জীবনেও একসঙ্গে পথ চলছেন তারা।

গৌরীকে নিয়ে বিভিন্ন সময় নিজের অনুভূতির কথা জানিয়েছেন আমির। তার ভাষায়, জীবনের এই পর্যায়ে এসে গৌরী তাকে মানসিক শান্তি ও স্থিরতা এনে দিয়েছেন। পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া এবং নির্ভরতার ভিত্তিতেই তাদের সম্পর্ক গড়ে উঠেছে।

আরও পড়ুন

এবার জাপান জয়ের মিশনে রণবীরের ‘ধুরন্ধর’

এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, গৌরীর সঙ্গে পুনরায় দেখা হওয়াকে তিনি নিজের জীবনের অন্যতম সৌভাগ্য মনে করেন। তার সঙ্গে থাকলে তিনি শান্তি অনুভব করেন। এমনকি এই বয়সে এসে নিজেকে যেন নতুনভাবে খুঁজে পেয়েছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সম্প্রতি আমির নিজেই নিশ্চিত করেছেন, ৫ জুলাই অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। অনুষ্ঠানটি হবে একেবারেই ছোট পরিসরে, তার মুম্বাইয়ের বাসভবনে। জানা গেছে, বিশেষ বিবাহ আইনের আওতায় (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদও চেয়েছেন এই অভিনেতা।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া ছেলে আজাদকে ঘিরে এখনও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির ও কিরণ।

আরও পড়ুন

শাহরুখের নতুন সাফল্য, যুক্তরাষ্ট্রে কিনলেন আন্তর্জাতিক স্টেডিয়াম

দুই দাম্পত্যের পর এবার গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী করে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। দীর্ঘ ২৫ বছরের পরিচয়, বিচ্ছিন্নতা এবং পুনর্মিলনের সেই গল্পই শেষ পর্যন্ত পৌঁছেছে বিয়ের মঞ্চে।

এমএমএফ