বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা কায়েস আরজু। ফলাফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে শিল্পী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কায়েস আরজু লিখেছেন, ‘আমার শিল্পী সমিতি, আমার পরিবারের ৩২৪ জন সদস্য আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভালোবাসা দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই আমি জয়ী হতে পেরেছি। এই ভালোবাসা জীবনের শেষ দিন পর্যন্ত বুকের ভেতর আগলে রাখব। গত দুই মাস ধরে যারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’
তার এই পোস্টে সহশিল্পী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অভিনন্দন জানিয়ে অসংখ্য মন্তব্য করেছেন। অনেকেই তার প্রতি শিল্পীদের আস্থার প্রতিফলন হিসেবে এই বিজয়কে দেখছেন।
এদিকে এবারের শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে অনুষ্ঠিত হয় মূল প্রতিদ্বন্দ্বিতা। একদিকে ছিল আরমান-মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে শনিবার ভোরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে শিবা শানু এবং সাধারণ সম্পাদক হিসেবে জয় চৌধুরীর বিজয়ের পাশাপাশি কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে কায়েস আরজুর নির্বাচিত হওয়াও এবারের নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
এমআই/এলআইএ








