আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কালই (৫ জুলাই) নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। তার আগে বিয়ের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছে দুই পরিবার।

এরই মধ্যে মুম্বাইয়ের পালি হিলে আমির খানের বাড়িতে শুরু হয়েছে বিয়ের জোর প্রস্তুতি, উৎসবের সাজে সেজে উঠেছে পুরো বাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পাপারাজ্জিদের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বাড়ির সাজসজ্জার কাজ চলছে পুরোদমে।

ছবি ও ভিডিওতে দেখা যায়, বাড়ির বারান্দা ও জানালাজুড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে রঙিন ফেয়ারি লাইট। সন্ধ্যা নামলে পুরো বাড়ি আলোর ঝলকানিতে আরো উৎসবমুখর হয়ে ওঠে।

শুধু আলোকসজ্জাই নয়, বিয়ের আয়োজন ঘিরে টেন্ট নির্মাতা ও সাজসজ্জাকর্মীরাও কাজ শুরু করেছেন। অতিথিদের জন্য চেয়ার, সাজসজ্জার বিভিন্ন উপকরণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষভাবে আমন্ত্রিত অতিথিদের নিয়েই হবে এই ঘরোয়া আয়োজন।

এর আগে আমির খান নিজেই জানিয়েছেন, ৫ জুলাই নিজের বাড়িতেই খুব সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া আর কেউ থাকবেন না।

*মানি কন্ট্রোল ডটকম অবলম্বনে