২০২৬ বিশ্বকাপে আবারও ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ব্রুনো গুমারেস। দ্বিতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন এই মিডফিল্ডার।

এবারের বিশ্বকাপে ৪ এসিস্ট করে সর্বোচ্চ এসিস্টদাতার তালিকায় সবার ওপরে অবস্থান করেছেন তিনি।

ম্যাচ শেষে তিনি সেই মুহূর্তের অনুভূতি জানিয়েছেন এবং টুর্নামেন্টে ব্রাজিলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। গুমারেস বলেন, ‘আমি খুবই আনন্দিত—আমি আমি হতে পেরে, ব্রাজিলিয়ান হতে পেরে। আমরা জানি, এই জার্সি গায়ে চাপটা পৃথিবীর অন্য যেকোনো দলের চেয়ে অনেক বেশি।’

বিশ্বকাপের শুরুতে ড্র করার পর ব্রাজিলের খেলার মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল। তবে এবার আর কেউ সেটার সুযোগ পাবে না বলে মনে করে এই অ্যাটাকিং মিডফিল্ডার।

গুমারেস বলেন, ‘আজকের ম্যাচটা সত্যিকারের ব্রাজিলকে তুলে ধরেছে। আজকের ম্যাচের আগে যদি কেউ আমাদের নিয়ে সন্দেহ করে থাকে, এখন আর করবে না। বলটা যখন আমার কাছে এলো, তখন মনে হলো, 'দোস্ত, এবার আমি এটা খেলব!' এরপর আমি দারুণ একটি পাসে মার্টিকে খুঁজে পাই, আর মার্টি অসাধারণভাবে সুযোগটি কাজে লাগিয়েছে।’

২০২৬ বিশ্বকাপে বর্তমানে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা ব্রুনো গুমারেস। জাপানের বিপক্ষে তিনি টুর্নামেন্টে নিজের চতুর্থ অ্যাসিস্ট করেন। এর আগে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে একটি এবং স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার চার অ্যাসিস্ট নিয়ে ফ্রান্সের মাইকেল অলিসে, সেনেগালের ইলিমান এনদিয়ায়ে এবং সুইডেনের আলেকজান্ডার ইসাককে ছাড়িয়ে গেছেন। তাদের প্রত্যেকের অ্যাসিস্ট সংখ্যা তিনটি।

আরআর/এমএমআর