মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধের সময় তিনি মিত্রদের পরীক্ষা করেছেন, তারা পাশে থাকবে কিনা তা দেখেছিলেন। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরান যুদ্ধের সময় ওয়াশিংটনকে সহায়তা না করার জন্য ন্যাটোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, “আমি বলেছিলাম আমার এ ধরনের সাহায্যের প্রয়োজন নেই। আমাদের কোনো সাহায্যেরই প্রয়োজন ছিল না।”

ট্রাম্প বলেন, “এক অর্থে, আমি লোকগুলোকে পরীক্ষা করছিলাম, তারা পাশে থাকবে কি না তা দেখছিলাম। কারণ আমি অনেক দিন ধরেই বলে আসছি যে আমরা তাদের সাহায্য করি, কিন্তু তারা আমাদের জন্য পাশে থাকবে কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই।”

মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ইরান যুদ্ধের সময় ইতালি, জার্মানি এবং ফ্রান্স ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।