সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লটারিতে ৩ কোটি দিরহাম জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন আবুধাবিতে বসবাসরত ভারতীয় প্রবাসী সুনীল কুমার সদাশিবন।
৫২ বছর বয়সী সুনীল কুমার গত ১ জুলাই অনুষ্ঠিত ‘লাকি ডে’ ড্র-তে বিজয়ী নম্বর মিলিয়ে সর্বোচ্চ ৩ কোটি দিরহামের পুরস্কার জিতে নেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে তিনিই দ্বিতীয় ব্যক্তি, যিনি এই জ্যাকপট জিতলেন।
পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে সুনীল কুমার বলেন, প্রথমবার টিকিটের নম্বর দেখে তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে আবার নম্বর মিলিয়ে দেখার পর নিশ্চিত হন যে তিনিই বিজয়ী।
ইউএই লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই এই লটারিতে দুজন ৩ কোটি দিরহামের এবং একজন ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। ফলে দেশজুড়ে লটারিটির জনপ্রিয়তা বাড়ছে।
প্রতি বুধবার ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে ‘লাকি ডে’ ড্র অনুষ্ঠিত হয়। প্রতিটি ড্র-তে ৩ কোটি দিরহামের প্রথম পুরস্কারের পাশাপাশি ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনজন ‘লাকি চান্স’ বিজয়ী প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে।
আয়োজকদের মতে, মাত্র ৫০ দিরহামের একটি টিকিটই একজনের জীবন বদলে দিতে পারে। সুনীল কুমারের জয় তারই একটি উদাহরণ।
ইউএই লটারি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত লটারি ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম








